ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এবং কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না।
শনিবার (১৮ অক্টোবর) সকালে নুরজাহান রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা অংশ নেন এবং ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী তাদেরকে চিকিৎসাসেবা প্রদান করেন।
শরিফ উদ্দিন জুয়েল বলেন, স্বাধীনতার পর থেকে দৌলতপুর একটি অবহেলিত উপজেলা।
এখানে অনেক রাজনৈতিক নেতা তৈরি হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। আমি যদি দৌলতপুর থেকে মনোনয়ন পাই এবং বিএনপি সরকার গঠন করে, তাহলে ৫০ শয্যার হাসপাতালকে আধুনিক হাসপাতালে রূপান্তরিত করব। স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করব।
তিনি বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত দৌলতপুর গড়ে তুলব।
চিলমারী ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ একটি সেতুর অভাবে নাগরিক সেবা থেকে বঞ্চিত। আমি মনোনয়ন পেলে এবং বিএনপি সরকারে এলে সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করব। দৌলতপুরের প্রতিটি কৃষক যাতে ন্যায্যমূল্যে সার ও বীজ পায়, তা নিশ্চিত করব।
নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে কুটির শিল্প স্থাপন এবং সুদমুক্ত ঋণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, দৌলতপুরের মা-বোনদের পায়ে দাঁড় করাতে কুটির শিল্প গড়ে তোলা হবে। সুদমুক্ত ঋণের ব্যবস্থা থাকবে যেন তারা নিজেরাই নিজেদের ভাগ্য গড়তে পারে।
সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করে জুয়েল বলেন, ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে এমন একটি রাষ্ট্র গঠন করব, যেখানে অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধারা তাদের সন্তানদের দ্বারা অবহেলিত না হয়। এই লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।