পাকিস্তানের তিনজন নিরাপত্তা কর্মকর্তা এবং আফগান তালেবানের একজন সূত্রের মতে, কাতারের দোহায় পরিকল্পিত আলোচনা শেষ না হওয়া পর্যন্ত পারস্পরিকভাবে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে শুক্রবার একমত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, একটি পাকিস্তানি প্রতিনিধিদল ইতিমধ্যেই দোহায় পৌঁছেছে এবং শনিবার একটি আফগান প্রতিনিধিদল কাতারের রাজধানীতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
দুই প্রতিবেশীর মধ্যে বুধবার একটি অস্থায়ী যুদ্ধবিরতির ফলে কয়েকদিন ধরে চলা ভয়াবহ লড়াইয়ে বিরতি দেওয়া হয়েছে, যেখানে কয়েক ডজন মানুষ নিহত এবং শত শত আহত হয়েছে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর মার্কিন ও ন্যাটো বাহিনী দেশ ছাড়ে, যার পর থেকে সীমান্তে হামলার ঘটনা বেড়ে যায়।
ইসলামাবাদ দাবি করেছে, আফগান ভূখণ্ডে অবস্থানরত টিটিপি যোদ্ধারাই পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং তালেবান সরকার এসব জঙ্গিকে দমন করতে ব্যর্থ।
তালেবান এ অভিযোগ অস্বীকার করে বলছে, পাকিস্তান ভুল তথ্য ছড়িয়ে সীমান্তে উত্তেজনা তৈরি করছে এবং আফগান সার্বভৌমত্ব দুর্বল করার চেষ্টা করছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, কাতার দোহায় দুই দেশের মধ্যে শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে, যদিও ইসলামাবাদ বা কাবুল কেউই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।