চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ; যেটা এবার কমে দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশে। ২০২৪ সালে জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। এ বছর সেই সংখ্যা ৭৬ হাজার ৮১৪ জন কমে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৯৭ জনে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।
ফলাফলে দেখা যায় এবার ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯.৪০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৭.৪৯ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৫৪ শতাংশ।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৬৭ শতাংশ। বিগত ৫ বছরের মধ্যে এবার পাসের হার সর্বনিম্ন। কমেছেন জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাও। এবার ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে, অন্যদিকে ২০২টি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
এবারের পাসের হার গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন।