সরকারের ভেতরে গুপ্তচর নিয়োগ করা কোনো রাজনৈতিক দলের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে ‘জাতীয় নির্বাচন ঘিরে দেশ-বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে’ আয়োজিত নাগরিক সমাবেশে দুদু এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার একটি দলীয় কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা একটি রাজনৈতিক দলের হয়ে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম ও কণ্ঠ রেকর্ড ফাঁস করে দেওয়ার হুমকি দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
তার বক্তব্যের প্রতি ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু বলেছেন, ‘সরকারের ভেতরে গুপ্তচর নিয়োগ করা বা ব্ল্যাকমেইল কোনো রাজনৈতিক দলের কাজ নয়; এটি শোভনীয় নয়।
এ সময় মিরপুরে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানোদের রুহের মাগফিরাত কামনা করে দুদু বলেন, ‘দেশ এখন কার্যত নানা বিপদের মধ্যে রয়েছে। যারা কাজকর্মে বের হন, তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
অনির্বাচিত সরকার নয়—নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, তাহলে স্বৈরতন্ত্রের পতনের মধ্য দিয়ে মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়ার যে অনুভূতি সৃষ্টি হয়েছিল, তা কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হবে।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য দেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরসহ প্রমুখ।