গণ অধিকার পরিষদের সভাপতি, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামীতে আমরা যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ রাতারাতি গড়ে উঠবে না। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমলাতন্ত্রের স্বভাব ও চরিত্রের পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সেজন্য রাজনৈতিক সমঝোতা, ঐক্য এবং সম্মতির ভিত্তিতে আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি জাতীয় সরকার গঠিত হলে, সেই সরকার পাঁচ বছরে বাংলাদেশকে একটি স্থিতিশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর চৌরাস্তায় জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, যদি আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন ও অনৈক্য থেকে যায়, তাহলে ওই স্বৈরাচারী শক্তি আবার ফিরে আসবে, ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে। আমরা কেউ নিরাপদ থাকব না।
তিনি বলেন, একদিকে আমরা আশাবাদী—নির্বাচন হবে, মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে। অন্যদিকে নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি।
নুর আরো বলেন, গত ২৯ আগস্ট সেনাবাহিনীর একটি পথভ্রষ্ট অংশ দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য আমাদের ওপর হামলা চালিয়েছিল।
তিনি বলেন, এই সরকার আমাদের সবার সরকার। কিন্তু আমরা যেসব পরামর্শ দিই, সেগুলো সরকার সঠিকভাবে আমলে নেয় না। যার ফলে শুরুতে এ সরকারের যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, তা দিন দিন কমছে। কিছু বিতর্কিত কর্মকাণ্ড সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে।
গণ-অধিকার পরিষদের এই নেতা জানান, ড. মুহাম্মদ ইউনূসের সাহসী ভূমিকায় এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা জানতে চাই, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা গণ অধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা সাধারণ সম্পাদক শাহ আলমসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।