সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩ কেজি মা ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। এ সময় একজন ব্যক্তিকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
ইলিশের প্রধান প্রজননের মৌসুমে ২২ দিনের নবম দিন সোমবার (৬ অক্টোবর) রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করে। পরে জব্দকৃত জাল পদ্মা নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় ও মাছগুলো মাদরাসায় বিতরণ করা হয়।
আটককে রাতেই চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সর্দার ডাঙ্গী গ্রামের বাসিন্দা সনা বরকন্তাজের ছেলে শামিম বরকন্তাজ (৩০)।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, ‘মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। আজ ১৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩ কেজি মা ইলিশ জব্দ ও একজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।’
চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, ‘জব্দ এই জালের বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। অভিযান শেষে জালগুলো পদ্মা নদীর ঘাটে আগুনে পুড়িয়ে বিনষ্ট ও মাছ মাদরাসায় বিতরণ করা হয়েছে।’
গত ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম।
এই ২২ দিন নদ, নদী ও সাগরে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এবং এটি দণ্ডনীয় অপরাধ। এই ২২ দিন অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগসহ প্রশাসন।