আমাদের দেশের নদ-নদীগুলো একসময় প্রাণের উত্স ছিল। কৃষি, মত্স্য, পরিবহন কিংবা মানুষের দৈনন্দিন জীবন—সবকিছুর সঙ্গেই নদীর নিবিড় সম্পর্ক। কিন্তু আজকের বাস্তবতায় নদীগুলো দূষণে জর্জরিত। শিল্প-কারখানার বর্জ্য, প্লাস্টিক, অপরিশোধিত পয়োনিষ্কাশন—সবকিছু সরাসরি নদীতে ফেলা হচ্ছে।
এতে পানির গুণগত মান ভয়াবহভাবে নষ্ট হচ্ছে, মাছ ও জলজ প্রাণী বিলুপ্তির পথে যাচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ—পানীয় জলের অভাব, স্বাস্থ্যঝুঁকি ও জীবিকার সংকটে তারা দিশাহারা।
প্রশাসন বহুবার নদী রক্ষার প্রতিশ্রুতি দিলেও কার্যকর উদ্যোগ তেমন চোখে পড়ে না। কিছু সময় দখল উচ্ছেদ বা অভিযান চালালেও তা নিয়মিত রূপ পায় না।
দূষণ রোধে আধুনিক বর্জ্য পরিশোধনাগার স্থাপন, আইন কঠোরভাবে প্রয়োগ, নদীর তীরবর্তী এলাকাগুলোতে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নদী আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত—এটি শুধু পানি নয়, এক বিশাল জীববৈচিত্র্যের ধারক। অতএব সরকারের পাশাপাশি নাগরিক সমাজ ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। নইলে একদিন হয়তো ইতিহাসের পাতা ছাড়া নদীকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।
জাফরিন সুলতানা
শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়