বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনে মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকার এদেশের সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা জনগণকে নির্যাতন করেছে। দেশের সাধারণ মানুষ নিয়ে তারা কখনো চিন্তা করেনি। কিভাবে টেকসই উন্নয়ন হয় ও মানুষের উপকার হয়, তা কখনো ভাবেনি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ী এলাকার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর ধসে যাওয়া সংযোগ সড়ক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ দেশের মানুষ মনে করেন আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। আমরা তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব।
তিনি বলেন, আমি যদি আগামীতে আল্লাহর রহমত ও জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে চরাঞ্চলের মানুষের স্বার্থে সার্বিক উন্নয়ন করব।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাবলু মিয়া লাভু প্রমুখ।