মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এবং কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রেতা ও ক্রেতাদের কাছে পৌঁছে দিতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কের পাশেই বৃহৎ বিকল্প বাজারব্যবস্থা চালু হচ্ছে। ১২ বিঘা জায়গা নিয়ে ‘কৃষকের বাজার’ গড়ে উঠছে। আজ শুক্রবার গড়ে তোলা কৃষকের বাজার উদ্বোধন করা হবে। ৩০০ ফিট সড়কের উত্তর পাশে বৌড়া এলাকায় পুলিশ হাউজিং গেটসংলগ্ন স্থানে কৃষকের বাজার গড়ে তোলা হয়েছে।
জানা গেছে, বাজারে সব পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত থাকবে। যা দেখে ক্রেতারা সহজে পণ্য ক্রয় করতে পারবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। সাত হাজার বর্গফুটের একটি সুপার শপও করা হচ্ছে। কয়েকজন উদ্যোক্তা মিলে কৃষকের বাজারটি বাস্তবায়ন করছেন।
ফার্মার্স মার্কেট লিমিটেডের এ বাজারে কৃষকরা সরাসরি নিজেদের উৎপাদিত শাক-সবজি, পেঁয়াজ, রসুন, আলু, মাছ, মাংস, ডিম, পটোল, লাউ, বেগুন, ঝিঙা, চিচিঙ্গা, মরিচ, পেঁপে, বেগুন ও ফলসহ নানা পণ্য বিক্রি করতে পারবেন। এখানে ২০ টাকা বা তার চেয়েও কম দামে মিলবে সবজি। বেসরকারি খাতের কয়েকজন উদ্যোক্তা এ বাজার চালু করতে যাচ্ছে। এখান থেকে ক্রেতারা তাজা ও সাশ্রয়ে পণ্য সংগ্রহ করতে পারবেন।
বাজারে পাইকারি ও খুচরা উভয় ধরনের ক্রেতার জন্যই ব্যবস্থা থাকবে। কৃষকের বাজার থেকে ভোক্তারা অন্য সব বাজারের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ কম দামে পণ্য কিনতে পারবেন। ফড়িয়া থেকে আড়তদার, আড়তদার থেকে পাইকারি, পাইকারি থেকে খুচরা এভাবেই পণ্যের দাম বাড়ে। এখানে সরাসরি কৃষকের সঙ্গে ক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্য কেনাবেচা হবে।