বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। আপাতত আমরা জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে আছি। এই আন্দোলন সফলের কোনো বিকল্প নেই।
গতকাল মোহাম্মদপুরে তার ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত অনাড়ম্বর অনুষ্ঠানে হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা আবদুল আজিজ (রহ.)-এর সাহেবজাদা ও আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর জামাতা মাওলানা হাবীবুল্লাহর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, সংগঠনের যেকোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সর্বোচ্চ সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই গ্রহণ করা হবে। প্রথমে বিষয়টি সংগঠনের ‘রাজনৈতিক সেলে’ বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হবে, তারপর তা ‘কেন্দ্রীয় নির্বাহী কমিটি’তে উপস্থাপন করা হবে। সেখান থেকে ‘কেন্দ্রীয় মজলিসে শুরায় আলোচনার পরই সিদ্ধান্ত গৃহীত হবে।
তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের সঙ্গে মিশে কাজ করতে হবে, তাদের ভাবনা ও মনোভাব বুঝতে হবে। সংগঠনের সিদ্ধান্ত যেন জনগণের চাওয়া-পাওয়া ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়- সেদিক বিবেচনায় রেখেই কার্যক্রম পরিচালনা করতে হবে।