ধুনটে নিখোঁজের ১৫ ঘণ্টা পর বৃদ্ধার মরদেহ উদ্ধার
বগুড়ার ধুনট উপজেলায় বাড়ি থেকে নিখোঁজের ১৫ ঘণ্টা পর পুকুরের পানি থেকে মানসিক ভারসাম্যহীন শাহারা খাতুনের (৮০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। আজ রবিবার (৫ অক্টোবর) সকাল ৭টায় বাড়ির পাশে পুকুর থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামের মৃত রইচ উদ্দিনের স্ত্রী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন শাহারা খাতুন ছেলের পরিবারের সাঙ্গে নিজবাড়িতে বসবাস করতেন।
মাঝে মধ্যেই বাড়ি থেকে নিখোঁজ হতেন তিনি। পরিবারের লোকজন তাকে খুঁজে বাড়িতে নিয়ে আসতেন। গতকাল শনিবার বিকেল ৪টায় পরিবারের লোকজনের অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হন শাহারা খাতুন। পরিবারের লোকজন তাকে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না।
অবশষে আজ রবিবার সকালে বাড়ির পাশে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। তখন স্বজনরা তার মরদেহ উদ্ধার করে থানায় খবর দেন।
ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
কমেন্ট বক্স