২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নৌবাহিনী ও কোস্ট গার্ডের অভিযানে অপহরণের শিকার ৩৯ জন উদ্ধার, আটক ২

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০৭:৫৮:১৩ অপরাহ্ন
নৌবাহিনী ও কোস্ট গার্ডের অভিযানে অপহরণের শিকার ৩৯ জন উদ্ধার, আটক ২

অপহরণের পর মুক্তিপণ আদায় ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৩৯ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অভিযানে ২ মানব পাচারকারীকে আটক করা হয়।

নৌবাহিনী জানায়, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নস্থ কচ্ছপিয়া পাহাড়ের গহিনে একটি সংঘবদ্ধ অপহরণকারী ও মানবপাচারকারী চক্র কর্তৃক মুক্তিপণ আদায় ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণির মানুষকে আটকে রাখার সংবাদে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করা হয়।

 
এ সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

 

তাদের আটকের পর গহিন পাহাড়ে চিরুনি অভিযান চালিয়ে পাহাড়ের কয়েকটি স্থান থেকে অপহরণের শিকার নারী, পুরুষ ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারদের মধ্যে রয়েছে ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, ৮ জন রোহিঙ্গা শিশু ও দুজন বাঙালি পুরুষ। 

উদ্ধারকারীদের বরাতে নৌবাহিনী জানায়, পাহাড়ে একটি সঙ্ঘবদ্ধ মানবপাচারকারী দল বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে তুলে এনে তাদের গহিন পাহাড়ে আটকে রাখে।

 
আটকে রাখাদের মধ্যে কারো কারো কাছ থেকে মুক্তিপণ দাবি ও বিদেশে প্রেরণের কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় চক্রটি। 

 

অভিযান পরিচালনা করে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসের কমান্ডোদলসহ কোস্ট গার্ডের আভিযানিক দল। উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তর এবং আটককৃত মানবপাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে যৌথ অভিযানে সর্বমোট ১৩৪ জনকে উদ্ধার করে নৌবাহিনী।

 
দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী অভিযান অব্যাহত রাখবে বলে জানায়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ