দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল–প্রিয়াঙ্কা আটক
আপলোড সময় :
১১-০৮-২০২৫ ০৩:১৮:২৪ অপরাহ্ন
হিন্দুস্তান টাইমস
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে দিল্লি পুলিশ। আজ সোমবার সকালে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করে পুলিশ।
বিহারের এসআইআর ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে আজ প্রতিবাদ মিছিলের কর্মসূচি ছিল বিরোধী ইন্ডিয়া জোটের। সেই মোতাবেক আজ বেলা সাড়ে ১১টার দিকে পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন ভবন অভিমুখে মিছিল শুরু হয়।
মিছিলে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, শরদ পাওয়ারসহ ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভা ও রাজ্যসভার বিরোধী এমপিরাও মিছিলে যোগ দেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, এ মিছিলের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি নেওয়া হয়নি। পরে বেলা পৌনে একটার দিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় রাহুল, প্রিয়াঙ্কাসহ কয়েকজনকে আটকের খবর আসে।
ভারতের বিহার রাজ্যে নতুন করে ভোটার তালিকা তৈরি ও ভোটার হওয়ার যোগ্যতা নিয়ে ইসি যেসব শর্ত দিয়েছে, তা নিয়ে মূলত কংগ্রেসসহ শরিক ইন্ডিয়া জোটের ঘোরতর আপত্তি রয়েছে।
কমেন্ট বক্স